নারায়ণগঞ্জে যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরে পেলেন পদ কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনরায় নিজ পদে বহাল করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক (সংসদ সদস্য) মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।
এদিকে খায়রুল ইসলাম সজীবের পদ ফিরিয়ে দেওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। এ সিদ্ধান্ত গ্রহণ করায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।