

নারায়ণগঞ্জ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করাসহ খেলোয়াড়দের ভাতা দেয়া হবে : প্রফেসর মামুন মাহমুদ
নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের পাঠদানকে আনন্দায়ক করতে খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত, ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং প্রাক্তন খেলোয়াড়দের মাসিক ভাতা প্রদান করা হবে।
বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা পরিষদ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা দেন।
মামুন মাহমুদ আরও বলেন, এক সময় নারায়ণগঞ্জ থেকে অনেক বড়-বড় খেলোয়াড় তৈরি হতো। কিন্তু গত ১৭ বছর কোনো খেলাকে প্রমোট করা হয়নি এবং মাঠেরও কোনো পরিচর্যা করা হয়নি। স্কুল-কলেজের প্রতিযোগিতা বন্ধ থাকায় খেলোয়াড় তৈরির কারখানাটি বন্ধ ছিল।
সেজন্য এখন নারায়ণগঞ্জে নতুন খেলোয়াড় তৈরি হতে দেখছি না। খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের মাঝে তুলে ধরা যায়’- উল্লেখ করে তিনি বলেন, ফুটবল বিশ্বকাপে অনেক ছোট ছোট দেশকে আমরা দেখছি, যাদের নাম আমরা জানতাম না। বিশ্বকাপে এসে তারা নিজেদের দেশকে উপস্থাপন করছে, সারা বিশ্বের কাছে তুলে ধরছে।
আমরা কেন ১৮ কোটি মানুষ একটি ফুটবল টিম বিশ্বকাপে পাঠাতে পারছি না? আমাদের প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে দেশের টিমকে পাঠাতে আগ্রহ অনুভব করেন এবং তিনি সরকার গঠনের এক মাসের মধ্যে ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে স্কুলে শিক্ষার্থীদের ক্রীড়া অঙ্গণে উৎসাহিত করে প্রায় এক লাখ তরুণকে ক্রীড়ামুখী করেছিলেন।
ফুটবলের মধ্যে আবার নতুন করে প্রাণ সঞ্চার করতে পেরেছেন। পাশাপাশি খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছেন।
সরকারের প্রশংসা করে তিনি বলেন, প্রত্যেক উপজেলায় তিনি মাঠ করে দেবেন এবং সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে মাঠ করে দেবেন। এসব প্রধানমন্ত্রীর খেলাধুলার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান তরুণ প্রজন্ম মাঠমুখী না হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রসিদ্ধ ক্লাবগুলোতে ১০টি করে ফুটবল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল, বিভিন্ন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড়, জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :