

সিদ্ধিরগঞ্জে কঠোর নিরাপত্তায় আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন
বিশেষ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের বিপুল উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মহা সপ্তমীর প্রথম প্রহরেই ঢাক-ঢোল ও কাঁসরের বাজনায় মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
উৎসবের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারিতে পূজার্থীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা অর্চনায় অংশগ্রহণ করছেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি অনিক সরকার জানান, স্থানীয় এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সপ্তমীর শুভ সূচনা করা হয়েছে। শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে মহা সপ্তমীর এই দিনে সকলে একসাথে দুর্গোৎসব উদযাপন করছেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :