

সিকু চাকমা:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ এবং সড়কে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে বৃষ্টির মধ্যেই দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলসহ বিএনপিপন্থী নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টিতে ভিজেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়, চিটাগাং রোড এবং নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফার নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম।
এ সময় বিএনপিপন্থী নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে সড়কে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই তাঁরা বৃষ্টিতে ভিজে সারাদিন রাজপথে অবস্থান করছেন।
তাঁরা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচির নামে রাজপথে নামার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন।
নেতাকর্মীরা বলেন, এ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার জন্য নয়; বরং সাধারণ মানুষের নিরাপদ চলাচল, জানমালের সুরক্ষা এবং সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই তাঁদের এ অবস্থান। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মস্থল, ব্যবসাপ্রতিষ্ঠান ও গন্তব্যে যাতায়াত করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই তাঁরা রাজপথে রয়েছেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা, সদস্যসচিব শরিফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিব, নাসিক ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক হারুনুর রশিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন।
এ ছাড়া শ্রমিক দল নেতা মোহাম্মদ আলী, বাদশা মিয়া, সবুজ, রাজিবুল হক, ওবায়দুল এবং ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা আরিফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :