

সিকু চাকমা:
২২ নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ১ নম্বর ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জামাল আকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম রবি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা টাকার পেছনে কিংবা ব্যক্তির পেছনে না ছুটে দলের পেছনে ছুটুন। দলের জন্য কাজ করলে টাকা এমনিতেই আসবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলে দুই ধরনের মানুষ দেখা যায়। কেউ পদ-পদবি নিয়ে নেতা হয়ে কর্মীদের কাছ থেকে দূরে সরে যান। আবার কেউ পদ-পদবির প্রত্যাশা না করে দলের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করেন। আমি মনে করি, পদ-পদবির পেছনে না ছুটে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করাই সবচেয়ে সম্মানের। দলের জন্য একজন কর্মী হয়ে কাজ করতে পারাটাই একজন মানুষের বড় পরিচয়।’
তিনি বলেন, ‘যারা গত ৫ আগস্টের পর কী পেলাম, কী পেলাম না—এমন হিসাব-নিকাশ করছেন, তারা প্রকৃত অর্থে দলের আদর্শ ধারণ করেন না। একটি রাজনৈতিক দল নির্দিষ্ট আদর্শ, উদ্দেশ্য, চিন্তাধারা ও কর্মসূচির ভিত্তিতে পরিচালিত হয়। ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব দিয়ে রাজনীতিকে মূল্যায়ন করা উচিত নয়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর শ্রমিক দলের নেতা জনি ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট চুনা ব্যবসায়ী মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জনি, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রবিন হোসেন এবং সিদ্ধিরগঞ্জ মৎস্যজীবী দলের ১ নম্বর ওয়ার্ডের ধর্মবিষয়ক সম্পাদক সালাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :